
পানি দূষণ নিয়ন্ত্রণে উন্নত প্রযুক্তি উদ্ভাবনের গবেষণায় যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুদান পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক শিক্ষক মিফতাহুল মবিন চৌধুরী শাব্দিক। বিশ্ববিদ্যালয়টির অধীন টেক্সাস ওয়াটার রিসোর্সেস ইনস্টিটিউট (টিডব্লিউআরআই) পরিচালিত ‘মিলস এনডাওমেন্ট গ্রান্ট’-এর ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের জন্য নির্বাচিত ছয় শিক্ষার্থীর একজন তিনি। এ তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মিফতাহুল।
পানি সম্পদ ব্যবস্থাপনা ও পানির গুণগত মান উন্নয়নে গবেষণার জন্য এ অনুদান দেওয়া হয়। টেক্সাস ওয়াটার রিসোর্সেস ইনস্টিটিউটের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নির্বাচিত প্রতিটি গবেষণা প্রকল্পে এক বছর মেয়াদে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার সহায়তা দেওয়া হবে। টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয় এবং টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি অ্যাট গ্যালভেস্টনের স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় এ অনুদানের জন্য নির্বাচিত হন।
মিফতাহুল মবিনের গবেষণার মূল বিষয় পিএফএএস দূষণ অপসারণ। এ জন্য তিনি ন্যানো কম্পোজিট সমৃদ্ধ নন-থার্মাল প্লাজমাভিত্তিক অ্যাডভান্সড অক্সিডেশন-রিডাকশন প্রসেস (এওআরপি) নিয়ে কাজ করছেন। পিএফএএস একধরনের দীর্ঘস্থায়ী রাসায়নিক দূষক, যা পরিবেশে দীর্ঘ সময় টিকে থাকে এবং পানির গুণগত মানের জন্য উদ্বেগ তৈরি করে। উন্নত জারণ-বিজারণ প্রযুক্তির মাধ্যমে এ দূষক অপসারণের কার্যকর পদ্ধতি উদ্ভাবনই তার গবেষণার লক্ষ্য।
মিফতাহুল রুয়েটের যন্ত্রকৌশল বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে একই বিভাগে শিক্ষকতা করেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগে পিএইচডি করছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টির সামার ও ফল সেমিস্টারে গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট-রিসার্চ (জিএআর) এবং গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট-টিচিং (জিএটি) হিসেবে কাজ করছেন।
এবারের অনুদানের জন্য নির্বাচিত বাকি পাঁচজন হলেন চীনের লুরুই চেন ও ইয়িনুও ঝু, ঘানার নিয়ার্কো আজিয়েই, ক্যামেরুনের রুডলফ অ্যাঞ্জেল নাঙ্গালেম এবং যুক্তরাষ্ট্রের ইয়াসিন জাকি। তাদের গবেষণার ক্ষেত্রও পানি সম্পদ ব্যবস্থাপনা ও পানির গুণগত মানের সঙ্গে সম্পর্কিত।
মিলস এনডাওমেন্ট গ্রান্টের আওতায় পানির গুণগত মান রক্ষা, পানি সম্পদের উন্নয়ন এবং পানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ গবেষণাকে অগ্রাধিকার দেওয়া হয়। ডব্লিউ. জি. মিলসের স্মরণে ১৯৬৭ সালে ‘ডব্লিউ. জি. মিলস মেমোরিয়াল এনডাওমেন্ট’ নামে তহবিলটি প্রতিষ্ঠা করা হয়। পরে ২০০১ সালে শুরু হয় মিলস স্কলারস কর্মসূচি। এ কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত ২৩৩ জনের বেশি গ্র্যাজুয়েট শিক্ষার্থীকে ৬ লাখ ৭৮ হাজার ৮০০ মার্কিন ডলারের বেশি গবেষণা অনুদান দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক গবেষণায় মিফতাহুলের এ সাফল্য রুয়েটের সাবেক শিক্ষার্থীদের অর্জনের তালিকায় নতুন সংযোজন। পানি দূষণ প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় তার গবেষণা ভবিষ্যতে কার্যকর প্রযুক্তি উদ্ভাবনে ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।



