প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাবেন। এ সফরে তিনি নতুন ঘোষিত মোকামতলা উপজেলা, মডেল পৌরসভা ও থানার আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করবেন। পাশাপাশি মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পেরও উদ্বোধন করবেন।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর শনিবার প্রধানমন্ত্রী মোকামতলা হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। এ সময় ফলক উন্মোচনের মাধ্যমে নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
এ ছাড়া মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্পের কাজও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের উদ্বোধনী ফলক উন্মোচন করা হবে ওই দিন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, মোকামতলা ও আশপাশের এলাকার মানুষের জন্য এসব উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন উপজেলা, পৌরসভা ও থানা প্রতিষ্ঠার পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে স্থানীয় মানুষের জীবনযাত্রার মান বাড়বে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।


