
রাজশাহীর মোহনপুরে বাড়ির পাশের একটি পানের বরজ থেকে শেফালী বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার করিশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শেফালী বেগম ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন শেফালী বেগম। রাত আনুমানিক আড়াইটার দিকে বাড়ির পাশে শব্দ শুনে ঘুম ভেঙে যায় তার ছেলে নবাব আলীর। এ সময় ঘর থেকে বের হয়ে মাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে বাড়ির পাশের পানের বরজে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখেন।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।




