মূল সংবাদে যান
সর্বশেষ
ক্যাম্পাস

রাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্ররাজনীতি কোন পথে?

রাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্ররাজনীতি কোন পথে?
রাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্ররাজনীতি কোন পথে?

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের পর দুই বছরের বেশি সময় পার হয়েছে। তবে প্রশাসনের এ সিদ্ধান্তের মধ্যেও ক্যাম্পাসে বিভিন্ন ছাত্রসংগঠনের তৎপরতা নিয়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। সম্প্রতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতার ক্যাম্পাসে আগমন এবং ছাত্রদল সমর্থক শিক্ষার্থীদের উদ্যোগে খাবারের দোকানগুলোর মান ও মূল্য যাচাইয়ের ঘটনা নতুন করে সামনে এনেছে ছাত্ররাজনীতির বিষয়টি। এসব ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে ভিন্নমত। একই সঙ্গে নিষেধাজ্ঞা কার্যকরে প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

২০২৪ সালের ১০ আগস্ট রুয়েট প্রশাসন ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। এতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন ধরনের সংগঠনের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়। রাজনীতিমুক্ত শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং একাডেমিক কার্যক্রম নির্বিঘ্ন রাখার প্রত্যাশায় প্রশাসনের এ সিদ্ধান্তকে সে সময় শিক্ষার্থীদের বড় একটি অংশ স্বাগত জানিয়েছিলেন।

তবে সিদ্ধান্তের পরও ক্যাম্পাসে রাজনৈতিক সংগঠনগুলোর তৎপরতা পুরোপুরি বন্ধ হয়নি বলে অভিযোগ রয়েছে। ছাত্ররাজনীতিকে সাংবিধানিক অধিকার হিসেবে উল্লেখ করে ছাত্রদলের নেতাকর্মীদের বিভিন্ন সময়ে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে দেখা গেছে। অন্যদিকে ছাত্রশিবিরের বিরুদ্ধে গোপনে সাংগঠনিক কার্যক্রম চালানোর অভিযোগ রয়েছে। নবীনবরণ, ব্যানার টানানো, দেয়াললিখন ও মিছিলের মতো ঘটনাও এসব বিতর্কের অংশ হয়ে উঠেছে।

সাম্প্রতিক বিতর্কের সূত্রপাত গত ১৪ নভেম্বর। ওই দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাহিদ হাসান তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে কয়েকজন রুয়েট শিক্ষার্থীর সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক আজিজুর রহমান আজাদ ভাইসহ সন্ধ্যায় রুয়েট ক্যাম্পাসে।’ পোস্টটি প্রকাশের পর ক্যাম্পাসের শিক্ষার্থীদের একাংশের মধ্যে সমালোচনা শুরু হয়। বিশেষ করে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতার ক্যাম্পাসে অবস্থান এবং রুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংগঠনটির সম্পৃক্ততা নিয়ে আলোচনা তৈরি হয়।

এ বিষয়ে ‘রুয়েট জাতীয়তাবাদী স্পন্দন’ নামে ছাত্রদল সমর্থিত একটি ফেসবুক পেজে পাল্টা বক্তব্য প্রকাশ করা হয়। পোস্টে বলা হয়, ছাত্রশিবিরের রাজনীতি করা দোষের নয়; তবে সংগঠনের সঙ্গে যুক্ত থেকেও সাধারণ শিক্ষার্থী হিসেবে পরিচয় দেওয়ার প্রবণতা প্রশ্নবিদ্ধ। পোস্টে আরও দাবি করা হয়, প্রায় দুই বছর আগে কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা রুয়েটে এলে ছবিতে থাকা ছাত্রশিবির-সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষার্থী ২০২৪ সালের ১৫ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল করেছিলেন। সে সময় ছাত্রদলের বিরুদ্ধে অন্য সংগঠনের ওপর নির্ভরশীলতার অভিযোগ তোলা হলেও সম্প্রতি ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতার ক্যাম্পাসে আগমন সেই অবস্থানের সঙ্গে দ্বৈততা প্রকাশ করে বলে উল্লেখ করা হয়।

পোস্টটিতে আরও দাবি করা হয়, রুয়েট স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও অতীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে রুয়েট শিক্ষার্থীদের শিবির-সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের পরিচয়ের আড়ালে রাজনৈতিক পরিচয় গোপন রাখার প্রবণতা শিক্ষার্থীদের স্বাধীন ও যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করতে পারে বলেও সেখানে উল্লেখ করা হয়। একই সঙ্গে রাবি ছাত্রশিবিরের প্রতি রুয়েটের শিবির-সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরিচয় ও অবস্থান প্রকাশ্যে জানানোর আহ্বান জানানো হয়।

তবে ঘটনাটিকে রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখার সুযোগ নেই বলে দাবি করেছেন ছবিতে উপস্থিত রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিমুল ইসলাম। তিনি বলেন, “আজাদ ভাই, মোজাহিদ ভাই সহ যারা ক্যাম্পাসে এসেছিলেন সবাই রাবির সাবেক বা বর্তমান শিক্ষার্থী। আওয়ামী আমলেও ওনারা নিয়মিত রুয়েট ক্যাম্পাসে আসতেন, খেলাধুলা করতেন। তখন থেকেই ভাইদের সাথে আমার ব্যক্তিগত সখ্যতা ছিল। ১৪ নভেম্বর তারা রুয়েটে এসেছিলেন কিছুক্ষণ আড্ডা দেওয়া এবং ব্যাডমিন্টন খেলার জন্য। কোনো রাজনৈতিক কর্মসূচী, মিছিল, শোডাউন এমন কিছুই হয়নি।”

তিনি আরও বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে যে কেউ যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এসে অবস্থান করতে পারেন। তাঁদের এ অবস্থানের সঙ্গে কোনো রাজনৈতিক কর্মসূচি জড়িত ছিল না এবং ছাত্ররাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন লঙ্ঘনের মতো কোনো কাজও হয়নি। বিষয়টি নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, রাবির সাবেক শিক্ষার্থী ও ছাত্রশিবিরের দায়িত্বশীল কোনো ব্যক্তি অন্য ক্যাম্পাসে গেলে সেখানে তাঁর পরিচিত জুনিয়র থাকা স্বাভাবিক। তাঁদের সঙ্গে আড্ডা দেওয়া কিংবা ছবি তোলাকে রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে দেখার সুযোগ নেই।

এদিকে ছাত্রসংগঠনের তৎপরতা নিয়ে আলোচনার পাশাপাশি ক্যাম্পাসের শিক্ষার্থীদের দৈনন্দিন সমস্যা সমাধানে ছাত্রদল সমর্থক শিক্ষার্থীদের উদ্যোগও আলোচনায় এসেছে। সম্প্রতি ক্যাম্পাসের বিভিন্ন খাবারের দোকান ও টঙে খাবারের মান, পুষ্টিগুণ, মূল্য এবং পরিবেশ নিয়ে দোকানমালিক ও কর্মচারীদের সঙ্গে কথা বলতে দেখা গেছে তাঁদের। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজে এ-সংক্রান্ত ছবি প্রকাশ করে জানানো হয়, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে খাবারের মান ও পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন ছাত্রদলের কর্মী-সমর্থকেরা।

এ উদ্যোগের বিষয়ে ছাত্রদলের আদর্শের সমর্থক হিসেবে পরিচিত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবরার ফাইয়াজ অমি বলেন, “শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করা আমাদের যৌক্তিক প্রত্যাশা। দীর্ঘদিনের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। আমাদের এ উদ্যোগের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং ক্যাম্পাসে একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা।”

এর আগে ছাত্র হল-২ সংলগ্ন খাবারের দোকানগুলোতে খাবারের মূল্য ও মান নিয়ে শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে দোকানমালিকদের সঙ্গে আলোচনা করেন ছাত্রদল সমর্থক শিক্ষার্থীরা। আলোচনায় এক প্লেট ভাতের দাম ১২ টাকা এবং দেড় প্লেট ভাতের দাম ২০ টাকা নির্ধারণের বিষয়ে কথা হয়। পাশাপাশি ব্রয়লার মুরগির দাম ৫০ টাকা থেকে কমিয়ে ৪০-৪৫ টাকা করার প্রস্তাব দেওয়া হয়। এ ছাড়া শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও সম্মানজনক আচরণের জন্য দোকানের কর্মচারীদের আহ্বান জানানো হয়। বিশেষ করে ‘বাংলা টিফিন’-এর কর্মচারীদের আচরণ নিয়ে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়টিও আলোচনায় আসে।

শিক্ষার্থীদের দৈনন্দিন সমস্যা সমাধানে এসব উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। তবে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ থাকা অবস্থায় ছাত্রসংগঠনের আদর্শে সমর্থিত শিক্ষার্থীদের এ ধরনের কার্যক্রম পরিচালনার সীমারেখা নিয়েও প্রশ্ন রয়েছে। কোনো উদ্যোগ শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট হলেও সেটির সঙ্গে সাংগঠনিক পরিচয়ের সম্পর্ক কতটুকু থাকা উচিত, তা নিয়েও তৈরি হয়েছে আলোচনা।

অন্যদিকে ক্যাম্পাসে প্রকাশ্য কিংবা গোপন—কোনো ধরনের ছাত্ররাজনীতিরই প্রয়োজন নেই বলে মনে করেন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুহায়ের আনজুম বিত্ত। তিনি বলেন, “ক্যাম্পাসে রাজনীতির কোনো প্রয়োজন নেই। ছাত্ররাজনীতির যেসব সুফল প্রচার করা হয় ক্লাবিং এর মাধ্যমে তার অনেকটাই পূরণ করা সম্ভব। আশঙ্কা প্রকাশ করি ছাত্ররাজনীতি ওপেন হলে পুনরায় হল, ক্যান্টিন দখলের সংস্কৃতি চালু হবে; সুষ্ঠু লেখাপড়ার পরিবেশ নষ্ট হবে। তাই কোনো ধরনের রাজনীতি চর্চাই ক্যাম্পাসে হওয়া উচিত না।”

সব মিলিয়ে রুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত থাকলেও বিভিন্ন সংগঠনের তৎপরতা ঘিরে বিতর্কের অবসান হয়নি। একদিকে ছাত্ররাজনীতিকে সাংবিধানিক অধিকার হিসেবে দেখার অবস্থান, অন্যদিকে রাজনীতিমুক্ত ক্যাম্পাসের প্রত্যাশা—দুই পক্ষের যুক্তিতেই রয়েছে ভিন্নতা। সাম্প্রতিক ঘটনাগুলো সেই মতপার্থক্যকে আরও স্পষ্ট করেছে। এখন দেখার বিষয়, প্রশাসন নিষেধাজ্ঞা বাস্তবায়নে কী ধরনের পদক্ষেপ নেয় এবং ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে তাদের অবস্থান কতটা কার্যকর হয়। শেষ পর্যন্ত রুয়েটে ছাত্ররাজনীতির ভবিষ্যৎ কোন পথে এগোবে, সেই প্রশ্নই এখন সামনে।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard