
রাজশাহী সীমান্তে চলতি বছরের প্রথম ১০ মাসে প্রায় ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক, অস্ত্র ও বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মোট ১১ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ১৬৩ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৫টি পিস্তল, ৮টি ম্যাগাজিন, ১৭ রাউন্ড গুলি, ৯০০ গ্রাম হেরোইন, ৬৩ হাজার ২৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫ হাজার ৮৪০ পিস ইয়াবা, ১ হাজার ১৬১ পিস ফেনসিডিল, ৭ হাজার ৮৫৫ বোতল ও ৭৯ লিটার বিদেশি মদ এবং ১৯ লিটার দেশীয় মদ। এ ছাড়া ২ দশমিক ৪৩ কেজি গাঁজা, বিভিন্ন ধরনের ৮ হাজার ৪৮৭ বোতল সিরাপ, যৌন উত্তেজক সিরাপ ও ট্যাবলেট জব্দ করা হয়েছে।

এ ছাড়া ১৭৭ দশমিক ৭ কেজি ওজনের ৭টি কষ্টিপাথরের মূর্তি, মূর্তির ৫০ কেজি অংশবিশেষ এবং ৪টি ভারতীয় গরুসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করে বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজশাহী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৭৬ দশমিক ৬৫ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাদক ও অস্ত্র চোরাচালান, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্তসংক্রান্ত অপরাধ প্রতিরোধে দিন-রাত ২৪ ঘণ্টা টহল, বিশেষ অভিযান ও মোবাইল চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।
সীমান্ত নজরদারিতে প্রযুক্তির ব্যবহারও বাড়িয়েছে বিজিবি। ব্যাটালিয়নের সব বিওপিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পদ্মা নদীবেষ্টিত দুর্গম সীমান্তবর্তী বিওপিগুলোতে সৌরবিদ্যুতের মাধ্যমে আলোকায়নের ব্যবস্থা করা হয়েছে। নদীতীরবর্তী এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারির পাশাপাশি স্পিডবোট ও কাঠের নৌকায় নিয়মিত টহল দেওয়া হচ্ছে। ভবিষ্যতে থার্মাল ইমেজিংসহ আধুনিক ডিজিটাল নজরদারি সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি), জেলা ও উপজেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় সচেতনতামূলক সভার আয়োজন করা হচ্ছে।

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি নির্বাচনকালীন নিরাপত্তা, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা, ধর্মীয় ও জাতীয় অনুষ্ঠানে নিরাপত্তা প্রদান এবং জ্বালানি তেল ও সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুত ও পাচার প্রতিরোধেও দায়িত্ব পালন করছে রাজশাহী ব্যাটালিয়ন।

বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি, গোয়েন্দা নজরদারি ও স্থানীয় জনগণের সহযোগিতায় তাদের অভিযান ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।



