মূল সংবাদে যান
সর্বশেষ
অপরাধ-আইন শৃঙ্খলা

নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২

নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। এ সময় নেতাকর্মীদের মারধর ও কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় গুরুতর আহত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও হাসপাতাল বা পুলিশের পক্ষ থেকে তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

বুধবার (১৮ নভেম্বর) কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে একটি প্রতিবাদী শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি বেন্দারচর গ্রামের বটগাছের উত্তর পাশের সড়ক হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে হামলার ঘটনা ঘটে।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আগে থেকেই ওই এলাকায় অবস্থান নেওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন থেকে চার শতাধিক নেতাকর্মী শোভাযাত্রায় অতর্কিত হামলা চালান। এ সময় তাঁদের মারধর করা হয় এবং কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২), উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) এবং বিএনপি নেতা সোহেল (৩৫)। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শাহীনের ও সোহেলের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।

পরে গুরুতর আহত সোহেল ও শাহীনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল বড় কালিয়া গ্রামের মরহুম মোতালেব মোল্লার ছেলে। তবে তাঁদের মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

এদিকে বিএনপির পক্ষ থেকে হামলার জন্য আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। তবে পুলিশি তদন্তে এখন পর্যন্ত হামলায় কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard