
আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে গোপালগঞ্জে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর জেলায় এটিই প্রথম প্রকাশ্য মিছিল বলে জানা গেছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, ভ্যান ও ট্রাকযোগে নেতাকর্মীরা জেলা শহরে আসতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তাদের অনেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন তারা।
পরে দুপুর ১২টার দিকে নেতাকর্মীরা একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে বিসিক ব্রিজ এলাকা থেকে মিছিল বের করেন। মিছিলটি লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন অংশগ্রহণকারীরা। তাদের কারও কারও হাতে লগি-বৈঠাও দেখা যায়।
মিছিল চলাকালে একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন নেতাকর্মীরা। তবে কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দৃশ্যমান বাধা দেওয়ার ঘটনা দেখা যায়নি।
এদিকে মিছিলকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলা শহরে জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা। বিশেষ করে লঞ্চঘাট ও বাজার এলাকায় পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও এপিবিএন সদস্যদের মোতায়েন করা হয়। সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাশাপাশি বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি।
এ কর্মসূচিকে ঘিরে পুরো জেলা শহরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ও উদ্বেগ দেখা দেয়।


