
স্বাধীন বাংলাদেশে এবারই প্রথম সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে দুর্গোৎসবসহ সব পূজা উদযাপন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সহসম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায়।
তিনি বলেন, বাংলাদেশের জন্মলগ্ন থেকেই হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার-নির্যাতন শুরু হয়। শেখ মুজিবের নির্দেশে রমনা কালীমন্দির গুঁড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে এর সূচনা হয়েছিল। শেখ হাসিনার শাসনামলে সেই নির্যাতন চরম রূপ ধারণ করে।
অপর্ণা রায় বলেন, ২০২৪ সালে তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হলে দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে। একই সঙ্গে ধর্মীয় সংখ্যালঘুদের মনেও আশার সঞ্চার হয়। এর ধারাবাহিকতায় এবার দুর্গাপূজা ও শ্যামাপূজা নির্বিঘ্নে উদযাপিত হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরকারের বিভিন্ন বাহিনী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বিএনপির নেতাকর্মীরা পূজা উদযাপনে সহযোগিতা করেছেন। এ জন্য বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও দেশের সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে তারেক রহমানকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে ভবিষ্যতে সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অপর্ণা রায়।
শ্রী কমল কুমার ত্রিবেদীর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন তরুণ কুমার সাহা।
বক্তব্যে অপর্ণা রায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, মুক্তিযুদ্ধে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ একসঙ্গে লড়াই করে দেশ স্বাধীন করেছিলেন। একইভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নতুন প্রজন্মের জন্য একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সদস্য সুভাষ চন্দ্র দাস, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক মো. তোসিকুল ইসলাম, ইউসুফ আলী, জেলা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া, ফারুক হোসেন, আবেদ হোসেন, জেলা ছাত্রদলের সদস্যসচিব আখতারুজ্জামান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চাঁপাইনবাবগঞ্জ জেলা আহ্বায়ক শ্রী মহন্ত হালদার ও সদস্যসচিব সঞ্জীব সাহাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



