
রাজশাহীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ শরীফের নবনির্মিত চারতলা মসজিদে নামাজ আদায় শুরু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) পবিত্র জুমার নামাজের মধ্য দিয়ে মসজিদটিতে আনুষ্ঠানিকভাবে নামাজ আদায় কার্যক্রম চালু হয়।

জুমার নামাজে অংশ নেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিরা। নামাজ শেষে দেশ, জাতি ও মহানগরবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
রাসিকের বাস্তবায়নাধীন ‘হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ শরীফের উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে চারতলা বিশিষ্ট এই মসজিদ কমপ্লেক্স।
নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করছেন তিনি। এরই ধারাবাহিকতায় শাহ মখদুম দরগাহ শরীফের নবনির্মিত মসজিদের নির্মাণকাজ শেষ করা হয়েছে। প্রকল্পের বাকি কাজও দ্রুত সম্পন্ন করা হবে। সব কাজ শেষ হলে দরগাহ শরীফ দেশের অন্যতম সুন্দর ও দৃষ্টিনন্দন মাজার ও মসজিদ কমপ্লেক্সে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. খসরুজ্জামান, রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
এ ছাড়া মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং মসজিদের মুসল্লিরা উপস্থিত ছিলেন।
রাসিক সূত্রে জানা গেছে, মসজিদ কমপ্লেক্সের নির্মাণকাজ চলমান থাকায় এতদিন দরগাহ শরীফের পূর্ব পাশে টিনশেডের অস্থায়ী মসজিদে নামাজ আদায় করতেন মুসল্লিরা। গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন উন্নয়নকাজ পরিদর্শন করেন। সে সময় মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও মুসল্লিদের দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত মসজিদের নির্মাণকাজ শেষ করার নির্দেশ দেন তিনি। এরপর নির্মাণকাজ সম্পন্ন করে মসজিদটি নামাজের জন্য উন্মুক্ত করা হয়।
এখন থেকে নবনির্মিত মসজিদে নিয়মিত নামাজ আদায় করবেন মুসল্লিরা। আর অস্থায়ী মসজিদের জায়গায় নির্মাণ করা হবে দরগাহ মসজিদ কমপ্লেক্সের প্রশাসনিক ভবন।
প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ২৪ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। এরই মধ্যে দৃষ্টিনন্দন প্রবেশগেট ও চারতলা মসজিদের নির্মাণকাজ শেষ হয়েছে। বাকি রয়েছে মাজার শরীফ, সীমানাপ্রাচীর, প্রশাসনিক ভবন ও ল্যান্ডস্কেপিংসহ অন্যান্য উন্নয়নকাজ।
প্রকল্পটি বাস্তবায়িত হলে দরগাহ শরীফের ঐতিহাসিক ও আধ্যাত্মিক পরিবেশ অক্ষুণ্ন রাখার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, সৌন্দর্যবর্ধন এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।



