
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ ফিরিয়ে দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টায় রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী।
মিজানুর রহমান মিনু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় দেশের ও মানুষের কল্যাণে কাজ করেছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান এরশাদ কিংবা আইয়ুব খানের মতো পেছনের দরজা দিয়ে বা স্বৈরাচারী কায়দায় রাষ্ট্রক্ষমতায় আসেননি। তাঁর নেতৃত্ব ও আদর্শের পথ অনুসরণ করেই বিএনপি দেশের মানুষের কল্যাণ এবং অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল।
এ ছাড়া মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলীসহ বিভিন্ন থানা বিএনপির নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনসহ বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


