মূল সংবাদে যান
সর্বশেষ
ক্যাম্পাস

রুয়েটে ২০২৬-২৭ সেশনের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারী

রুয়েটে ২০২৬-২৭ সেশনের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারী

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার)। এ বছর রুয়েটের নিজস্ব ক্যাম্পাসের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষার কেন্দ্র রাখা হয়েছে। দুই কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে রুয়েটের ১ হাজার ২০০-এর বেশি আসনের বিপরীতে প্রায় ১৮ হাজার শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন।

বুধবার (১৮ নভেম্বর) ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার তারিখ ও কেন্দ্রসংক্রান্ত এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন পুরকৌশল অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। সভায় শিক্ষার্থীদের যাতায়াত ও অংশগ্রহণের সুবিধা বিবেচনায় বুয়েটে আরেকটি কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত হয়।

সভায় জানানো হয়, এবারের ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে নেওয়া হবে। আবেদনকারীদের বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড কিংবা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ অথবা ২০২৪ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৪.০০ অর্জন বাধ্যতামূলক।

এ ছাড়া আবেদনকারীকে ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চমাধ্যমিক পর্যায়ের গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন বিষয়ে মোট জিপি কমপক্ষে ১৩.০০ থাকতে হবে। একই সঙ্গে বিষয় তিনটিতে আলাদাভাবে ন্যূনতম জিপি ৪.০০ অর্জন করতে হবে।

জিসিই ‘ও’ ও ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণদের জন্যও ভর্তির যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। ‘ও’ লেভেলে অন্তত পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে গণিত, পদার্থবিদ্যা ও রসায়নের প্রতিটিতে কমপক্ষে ‘বি’ গ্রেড থাকতে হবে। এ ছাড়া ২০২৫ সালের নভেম্বর অথবা তার পরবর্তী সময়ে ‘এ’ লেভেল সার্টিফিকেটপ্রাপ্ত হতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য বিষয়ে পরবর্তী সময়ে ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard