মূল সংবাদে যান
সর্বশেষ
রাজনীতি

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার

দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালে দেশ ছাড়ার পর এবারই প্রথম বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ করলেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) করা আবেদনসংক্রান্ত একটি চিঠি দেখেছে বার্তা সংস্থা রয়টার্স। লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ আবেদন পাঠানো হয়েছে। চিঠিতে শেখ হাসিনার পুরোনো পাসপোর্ট ও এনআইডি বাতিল করা হয়েছে বলে উল্লেখ করে নতুন পরিচয়পত্র দুটি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, আদালতে আত্মসমর্পণ করার উদ্দেশ্যেই তিনি বাংলাদেশে ফিরতে চান। তাঁর সহযোগীদের দাবি, দেশে ফেরার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে প্রত্যাবর্তনের তারিখ ঘোষণা করা হবে। আগামী ডিসেম্বরেই তাঁর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি ঘিরে রাজনৈতিক ও আইনি জটিলতার আশঙ্কা রয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। যদিও শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।

এদিকে, শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। দলটির অনেক নেতা-কর্মী কারাবন্দী, আবার অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন। দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটির কার্যক্রম বন্ধ থাকায় তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিতে পারে।

শেখ হাসিনা বিভিন্ন মেয়াদে মোট ২০ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাঁর প্রতি এখনো জনগণের একটি অংশের সমর্থন রয়েছে। ফলে দেশে তাঁর প্রত্যাবর্তন রাজনৈতিক বিভাজন আরও বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার পর বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে। তাঁর দেশে ফেরার বিষয়টি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রীর মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard