মূল সংবাদে যান
সর্বশেষ
অপরাধ-আইন শৃঙ্খলা

মান্দায় অনুমোদনহীন তেল বিক্রি, অভিযোগের তদন্তে বন্ধ হলো তিনবোন ট্রেডার্স

মান্দায় অনুমোদনহীন তেল বিক্রি, অভিযোগের তদন্তে বন্ধ হলো তিনবোন ট্রেডার্স
মান্দায় অনুমোদনহীন তেল বিক্রি, অভিযোগের তদন্তে বন্ধ হলো তিনবোন ট্রেডার্স

নওগাঁর মান্দায় প্রয়োজনীয় বৈধ লাইসেন্স ও সরকারি অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে জ্বালানি তেল বিক্রির অভিযোগে মেসার্স তিনবোন ট্রেডার্সের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। তদন্ত ও শুনানিতে প্রতিষ্ঠানটির বৈধ লাইসেন্স না থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এ নির্দেশনা দেওয়া হয়। প্রয়োজনীয় লাইসেন্স না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।

উপজেলার জোতবাজার ত্রিমোহনী এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আলমাছ উদ্দিনের বিরুদ্ধে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসকের অনাপত্তি সনদ ছাড়াই ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রির পাশাপাশি পাইকারি ব্যবসা পরিচালনার অভিযোগ ওঠে।

অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটির পাশেই রয়েছে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা, দোকানপাট, পোস্ট অফিস ও একটি শিক্ষাপ্রতিষ্ঠান। প্রয়োজনীয় নিরাপত্তা ও অনুমোদন ছাড়া সেখানে জ্বালানি তেল বিক্রি করায় অগ্নিকাণ্ড কিংবা বিস্ফোরণের মতো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া গত ২১ ও ২২ জুলাই গভীর রাত পর্যন্ত কন্টেইনার ও বোতলে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে জ্বালানি তেল বিক্রি এবং কৃত্রিম সংকট তৈরির অভিযোগও করা হয় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

এ ঘটনায় উপজেলার নুরুল্লাবাদ এলাকার বাসিন্দা মো. সোহেল রানা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, নওগাঁর জেলা প্রশাসক, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপজেলা প্রশাসনকে। পরে গত ৯ নভেম্বর ইউএনও মোসা. আতিয়া খাতুন স্বাক্ষরিত একটি নোটিশ জারি করা হয়। এতে ১২ নভেম্বর সকাল ১১টায় প্রয়োজনীয় কাগজপত্রসহ শুনানিতে উপস্থিত হওয়ার জন্য প্রতিষ্ঠানটির মালিক মো. আলমাছ উদ্দিন ও অভিযোগকারী মো. সোহেল রানাকে নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আলমাছ উদ্দিন বলেন, বিস্ফোরক লাইসেন্স না থাকায় প্রশাসন তাঁকে মৌখিকভাবে প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। নির্দেশনা অনুযায়ী আপাতত কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। প্রয়োজনীয় লাইসেন্স পেলে আবারও ব্যবসা শুরু করবেন।

বিস্ফোরক লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন কীভাবে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এতদিন ট্রেড লাইসেন্স, ফায়ার সার্ভিস ও বিএসটিআইয়ের অনুমোদন ছিল। মূলত এসব অনুমোদনের ভিত্তিতেই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছিলেন।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয়েছে এবং অভিযোগকারী ও প্রতিষ্ঠান মালিক—উভয় পক্ষের শুনানি নেওয়া হয়েছে। শুনানিতে প্রতিষ্ঠানটির কোনো বৈধ লাইসেন্স পাওয়া যায়নি। বিশেষ করে বিস্ফোরক অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রয়োজনীয় অনুমোদন তাদের নেই।

তিনি আরও বলেন, শুনানিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া চলছে। তবে প্রয়োজনীয় লাইসেন্স না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। লাইসেন্স পাওয়ার পর তারা পুনরায় ব্যবসা পরিচালনা করতে পারবেন।

ইউএনও জানান, প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটিকে মৌখিকভাবে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই লিখিত আদেশ বা চিঠি দেওয়া হবে।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard