মূল সংবাদে যান
সর্বশেষ
অপরাধ-আইন শৃঙ্খলা

টুঙ্গিপাড়া থানা চত্বরে পোড়া গাড়ি, বের হচ্ছিল ধোঁয়া

টুঙ্গিপাড়া থানা চত্বরে পোড়া গাড়ি, বের হচ্ছিল ধোঁয়া

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। থানার ভেতরে ও বাইরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পুড়ে যাওয়া গাড়ি, আসবাবপত্র, কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জামের ধ্বংসাবশেষ। বুধবার সকালেও থানার ভেতরে একটি পোড়া গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে জানা গেছে। এর আগে তাঁরা মিছিল নিয়ে থানা ঘেরাও করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

বুধবার সকালে গোপালগঞ্জ সদর থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে বিভিন্ন স্থানে সড়ক অবরোধের চিত্র দেখা যায়। ঘোনাপাড়া মোড়ে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে রাখা হয়। নীলফা বাজার এলাকায় গোপালগঞ্জ-পাটগাতী সড়কে বিজিবির পুড়ে যাওয়া তিনটি গাড়ির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। কিমাডাঙ্গা মোড়েও প্রায় ৫০০ মিটার সড়কজুড়ে গাছের গুঁড়ি ফেলে রাখা হয়।

থানার ভেতরে প্রবেশ করে দেখা যায়, আগুনে পুলিশের একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। থানার বিভিন্ন কক্ষে আসবাবপত্র, কম্পিউটার ও প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে নষ্ট হয়ে গেছে। কোনো কোনো কক্ষে চেয়ার ও অন্যান্য আসবাবের শুধু লোহার কাঠামো অবশিষ্ট রয়েছে। মেঝেতে ছড়িয়ে রয়েছে ছাই, কাচের টুকরা ও ভাঙা পলেস্তারা।

এ ছাড়া হাজতখানার দুটি কক্ষের তালা ভাঙা এবং দরজা খোলা অবস্থায় দেখা যায়। ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষের পাশের উপপরিদর্শকদের কক্ষেও ব্যাপক ভাঙচুরের চিহ্ন রয়েছে। দোতলায় পুলিশ সদস্যদের ব্যারাকে পোশাক, তোশক ও কম্বল ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।

এ সময় পুলিশ সদস্যদের প্রয়োজনীয় মালামাল সংগ্রহ করে থানা ছাড়তে দেখা যায়। তাঁদের কেউ ব্যাটারিচালিত ভ্যানে করে ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে যাচ্ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় নবাগত ওসি ইমরানুল কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলা পরিষদ চত্বরের আশপাশে অভিযান চালায়। এ সময় একটি দোকানে ক্যারম খেলছিলেন কয়েকজন শিক্ষার্থী। পুলিশ তাঁদের আটক করে এবং কয়েকটি মোটরসাইকেল নিয়ে যায়।

আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পুলিশের কাছে তাঁদের মুক্তির অনুরোধ জানান। পরে পুলিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেট এলাকায় তল্লাশি চালায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের আটকের খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের কয়েকটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। পরে টুঙ্গিপাড়া-পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন।

একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়।

স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, সন্ধ্যা সাতটার দিকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে থানার দিকে অগ্রসর হন। আটক নেতা-কর্মীদের মুক্তি না দিলে থানা ঘেরাওয়ের ঘোষণা দেন তাঁরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ থানা এলাকা ছেড়ে যায়। এরপর থানায় অগ্নিসংযোগ করা হয়। পরে বিক্ষোভকারীরা আবার বাসস্ট্যান্ড এলাকায় ফিরে যান।

তবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা এবং এর সূত্রপাত নিয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিংবা জেলা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard