
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পাওয়ার পরপরই তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা থেকে দুটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বর্তমানে সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় আরও একটি ইউনিট পথে রয়েছে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।


