
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিচালকের সঙ্গে বৈঠক শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রামেক শাখা কমিটির সাবেক সভাপতি ডা. শুভ সরকার এবং সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানা। গ্রেফতারের সময় বিক্ষুব্ধ জনতার উত্তপ্ত স্লোগান, মারধরের চেষ্টা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রামেক শাখার শীর্ষ এই দুই নেতা হাসপাতাল পরিচালকের কার্যালয়ে প্রবেশ করে বৈঠক করছেন এমন খবর জানাজানি হলে শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা পরিচালকের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ ও কার্যালয় ঘেরাও করেন। এসময় তারা পরিচালকের নিষিদ্ধ সংগঠনের সাথে বৈঠকের তীব্র নিন্দা জানান এবং উত্তপ্ত স্লোগান দেন। তোপের মুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে উদ্ধার করে গ্রফতারকালে বিক্ষুব্ধ জনতার মারধরের শিকার হন তারা। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন।
রামেক হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসক পরিষদের সভাপতি এস এম তপু এ বিষয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানসহ পূর্ববর্তী সময়ে অমানবিক নির্যাতন এবং হত্যাকারী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক হাসপাতাল পরিচালকের রুমে বৈঠক করছিলেন। বিষয়টটি অত্যন্ত নিন্দনীয়। এহেন কর্মকান্ডে হাসপাতালের চিকিৎসপ এবং শিক্ষার্থী বিক্ষুব্ধ হয়ে পরিচালক কার্যালয় ঘেরাও করে। পরবর্তী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে গ্রেফতার করেছে। আমরা তাদের আইনানুগ শাস্তি চাই।
সার্বিক বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ওই দুইনেতা তাদের ইন্টার্ণশিফ ফিরিয়ে দেওয়া দাবিতে পরিচালকের কার্যালয়ে আসে।পরবর্তী বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী এবং চিকিৎসকরা ক্ষুদ্ধ হয়ে কার্যালয় ঘেরাও করে। পরে পরিচালকের অনুরোধ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে গ্রেফতার করেছে।


