মূল সংবাদে যান
সর্বশেষ
অপরাধ-আইন শৃঙ্খলা

রামেবিতে মবকাণ্ড: আরও দুইজন গ্রেপ্তার, দোষীদের শাস্তির দাবিতে চিকিৎসক নেতাদের পরিদর্শন

রামেবিতে মবকাণ্ড: আরও দুইজন গ্রেপ্তার, দোষীদের শাস্তির দাবিতে চিকিৎসক নেতাদের পরিদর্শন
রামেবিতে মবকাণ্ডে আরও দুজন গ্রেফতার, চিকিৎসক নেতাদের হুঙ্কার

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) উপাচার্য ও এক সেকশন অফিসারকে মব করে হেনস্তার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

গ্রেপ্তার দুজন হলেন—রাজশাহী নগরীর বহরমপুর এলাকার আবদুল হান্নানের ছেলে আলী আকবর হোসাইন (৩০) এবং একই এলাকার আলীমুদ্দীন শেখের ছেলে দেলোয়ার হোসেন (৫৫)।

ওসি আবুল কালাম আজাদ জানান, রামেবিতে ঘটে যাওয়া ওই ঘটনায় এর আগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। নতুন করে দুইজন গ্রেপ্তার হওয়ায় মোট তিনজন পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ঘটনার প্রতিবাদ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রামেবিতে পরিদর্শনে যান বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জামায়াত, ছাত্রদল ও উলামা দলের নেতারা রামেবি উপাচার্যের কার্যালয় পরিদর্শন করেন।

একই দিন চিকিৎসক ও নার্স নেতারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। তাদের মধ্যে ছিলেন প্রফেসর ডা. মো. জাহাঙ্গীর, প্রফেসর এম মোর্শেদ জামান, প্রফেসর এ এস এম আব্দুল্লাহ এবং নার্স নেতা আবু তাহেরসহ অনেকে।

এর আগে বুধবার রাজশাহী মেডিকেল কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন চিকিৎসকরা। সেখানে রামেবির উপাচার্য ও সেকশন অফিসারকে হেনস্তার ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

চিকিৎসক নেতারা বলেন, শিক্ষা ও চিকিৎসাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এ ধরনের মব আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তারা।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard