মূল সংবাদে যান
সর্বশেষ
অপরাধ-আইন শৃঙ্খলা

মান্দায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর,বৃদ্ধাকে মারধরের অভিযোগ, থানায় জিডি

মান্দায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর,বৃদ্ধাকে মারধরের অভিযোগ, থানায় জিডি

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়ির একটি ইটের ঘর ভাঙচুর এবং বাধা দিতে গিয়ে এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। তবে ঘর ভাঙচুর ও মারধরের অভিযোগ অস্বীকার করে জমির মালিকানা ও সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের কথা জানিয়েছেন অভিযুক্ত ব্যক্তিরা।

ঘটনাটি ঘটেছে মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের চক কুসুম্বা গ্রামে। এ ঘটনায় জমির মালিক দাবিদার মোছাঃ জোসনা বেগম (৩৫) গত ২০ নভেম্বর রাতে মান্দা থানায় ৪ জন ব্যক্তির নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ৯৪১।

ভুক্তভোগী পরিবার ও জিডি সূত্রে জানা যায়, চক কুসুম্বা মৌজার জেএল নম্বর ৮১, হাল খতিয়ান নম্বর ২০৯ এবং হাল দাগ নম্বর ১০৩-এর ১ দশমিক ৫২ শতাংশ জমি ২০২০ইং সালের ১২ ফেব্রুয়ারি ১৫২৯ নম্বর দলিলমূলে ক্রয় করেন মোছাঃ জোসনা বেগম। এরপর সেখানে ইটের ঘর নির্মাণ করে পরিবারসহ বসবাস ও ভোগদখল করে আসছিলেন তিনি।

জোসনা বেগমের অভিযোগ, উক্ত জমি নিয়ে স্থানীয় আলমগীর হোসেন, আফজাল হোসেন, আবুল হোসেন ও সাদ্দাম হোসেনের সঙ্গে প্রায় পাঁচ মাস ধরে বিরোধ চলছে। এর আগেও বিভিন্ন সময়ে অভিযুক্তরা জমিটি দখলের চেষ্টা করেছেন বলে দাবি তাঁর। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সুরাহা হয়নি। এ নিয়ে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে বলেও জানান তিনি।

অভিযোগ অনুযায়ী, গত ২০ নভেম্বর রাত আনুমানিক ১টার দিকে অভিযুক্তরা জমি দখলের উদ্দেশ্যে জোসনা বেগমের বসতবাড়ির ইটের ঘর ভাঙচুর শুরু করেন। এতে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। ভাঙচুরে বাধা দিতে গেলে জোসনা বেগমের মা মোছাঃ রবিজান বিবি (৫৫) মারধরের শিকার হন এবং তাঁর শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
জোসনা বেগম আরও জানান, রবিজান বিবির চিৎকার শুনে স্থানীয় বুলবুল হোসেন, তইজুল ইসলামসহ আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আলমগীর হোসেন (আলম) বলেন, ‘ঘর ভাঙচুর ও মারধরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। আমি এবং জোসনা দুজনই দলিলমূলে জমির মালিক। মূলত জমির সীমানা নির্ধারণ নিয়ে আমাদের মধ্যে বিরোধ রয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও জোসনা বেগম সালিশের বৈঠক থেকে উঠে চলে যান। আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এই অভিযোগ করা হয়েছে।’

সংশ্লিষ্ট নথি সূত্রে জানা গেছে, জোসনা বেগমের দায়ের করা ৯৪১ নম্বর সাধারণ ডায়েরির ভিত্তিতে উল্লেখিত অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা রয়েছে।

এদিকে জমি নিয়ে পুরোনো বিরোধের জেরে ঘর ভাঙচুর ও বৃদ্ধাকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চক কুসুম্বা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard