মূল সংবাদে যান
সর্বশেষ
সারাদেশ

ফের উত্তপ্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল, ৩০ কারখানা বন্ধ

ফের উত্তপ্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল, ৩০ কারখানা বন্ধ

মজুরি বোর্ডের বৈঠক স্থগিত হওয়ার পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার সাভার ও আশুলিয়ার তৈরি পোশাকশিল্পাঞ্চল। শ্রমিক অসন্তোষের জেরে মঙ্গলবার (১৭ নভেম্বর) আশুলিয়ায় ৩০টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। অন্যদিকে, সাভারে দুটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে সড়কে অবস্থান নিয়েছেন। এ সময় চালু থাকা কারখানার দিকে শ্রমিকদের একটি অংশ এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

মঙ্গলবার সকালে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড়ে এ ঘটনা ঘটে। বর্তমানে সেখানে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মুখোমুখি অবস্থান রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাজিরা দেওয়ার পর স্ট্যান্ডার্ড গ্রুপের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কাজ না করে সড়কে নেমে আসেন। পরে পাশের আরেকটি কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে তারা আশপাশের চালু কারখানাগুলোর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, আশুলিয়ার জামগড়া এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিজিএমইএর সাবেক সভাপতি মো. আতিকুল ইসলামের মালিকানাধীন ‘দি রোজ ড্রেসেস লিমিটেড’ কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে সড়কে নামার চেষ্টা করেন। একই ধরনের পরিস্থিতি তৈরি হয় খেজুর বাগান এলাকার আরেকটি কারখানায়। পরে পুলিশ শ্রমিকদের সরিয়ে দেয়।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, আশুলিয়ায় বন্ধ থাকা ৩০টি কারখানার মধ্যে ২১টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বাকি ৯টি কারখানা শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ রয়েছে। কারখানাগুলোর সামনে বন্ধের নোটিশ টাঙানো হয়েছে। এতে চলমান আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না বলে উল্লেখ করা হয়েছে।

তবে আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকদের একটি অংশ যথাসময়ে কাজে যোগ দিয়েছেন। শিল্পাঞ্চলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ স্থান ও কারখানার সামনে পুলিশ এবং শিল্প পুলিশের সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও এপিসি। পাশাপাশি নিরাপত্তা জোরদারে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। কেউ অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে মোকাবিলা করা হবে।

শ্রমিকদের তিন দফা দাবিকে কেন্দ্র করে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে সাভার-আশুলিয়ার পোশাকশিল্পাঞ্চলে অসন্তোষ চলছে। দাবিগুলোর মধ্যে রয়েছে, ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল।

এ পরিস্থিতিতে গত শনিবার জরুরি বৈঠক করে বিজিএমইএ। বৈঠক থেকে জানানো হয়, শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা অব্যাহত থাকলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখা হতে পারে।

অন্যদিকে, গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের পক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়। সোমবার তৃতীয় সভায় মালিকপক্ষের নিজস্ব প্রস্তাব উপস্থাপনের কথা থাকলেও অনিবার্য কারণ দেখিয়ে বৈঠক স্থগিত করা হয়। এরপর থেকেই নতুন করে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে শিল্পাঞ্চলে।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard