মূল সংবাদে যান
সর্বশেষ
অপরাধ-আইন শৃঙ্খলা

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুনের মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুনের মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। আহত মোসলেম উদ্দিনকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রোববার বিকেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দায়িত্ব পালন করছিলেন এসআই মোসলেম উদ্দিন। একপর্যায়ে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এদিকে, একই দিন সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্যার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

একই দিনে পুলিশ কর্মকর্তার ওপর হামলা এবং বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় টুঙ্গিপাড়ায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard