মূল সংবাদে যান
সর্বশেষ
আইনশৃঙ্খলা

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার, পেছনের ফটক দিয়ে বের করা হলো মন্ত্রীকে

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার, পেছনের ফটক দিয়ে বের করা হলো মন্ত্রীকে
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার, পেছনের ফটক দিয়ে বের করা হলো মন্ত্রীকে

রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের সামনে থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়। নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিমানবন্দরের পেছনের ফটক দিয়ে বাইরে নেওয়া হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রধান ফটকের সামনে থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে স্থানীয় এক ব্যক্তি গ্রেনেডসদৃশ বস্তু দুটি বিমানবন্দরে দায়িত্বরত পুলিশের নজরে আনেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ওই এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে।

এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে রাজশাহী বিমানবন্দরে অবতরণ করেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি তখন বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন। পরে বস্তু উদ্ধারের বিষয়টি তাঁকে জানানো হলে নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের পেছনের ফটক দিয়ে তাঁকে বের করে নেওয়া হয়। এরপর তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন।

রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে বস্তু দুটির বিষয়ে পুলিশ জানতে পারে। পরে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপকমিশনার গাজিউর রহমান জানান, গ্রেনেডসদৃশ বস্তু দুটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard