মূল সংবাদে যান
সর্বশেষ
এক্সক্লুসিভ

পাঁচ শিক্ষকেই চলছে ৪০০ ছাত্রীর পাঠদান, সংকটে মোহনপুর সরকারি বালিকা বিদ্যালয়

পাঁচ শিক্ষকেই চলছে ৪০০ ছাত্রীর পাঠদান, সংকটে মোহনপুর সরকারি বালিকা বিদ্যালয়

নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে রাজশাহীর মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শিক্ষক সংকটের মধ্যেও শিক্ষার মান ও ফলাফলে সাফল্যের স্বাক্ষর রাখছে প্রতিষ্ঠানটি। তবে সেই সাফল্যের আড়ালেই রয়েছে দীর্ঘদিনের জনবল সংকট। প্রায় ৪০০ ছাত্রীর পাঠদানের দায়িত্ব সামলাচ্ছেন মাত্র পাঁচজন সরকারি শিক্ষক। প্রতিষ্ঠার পর জাতীয়করণের সময় যে পাঁচটি সহকারী শিক্ষকের পদ সৃষ্টি হয়েছিল, প্রায় ৩৮ বছরেও বাড়েনি সেই পদসংখ্যা। অথচ এরই মধ্যে বেড়েছে শিক্ষার্থী নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে রাজশাহীর মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শিক্ষক সংকটের মধ্যেও শিক্ষার মান ও ফলাফলে সাফল্যের স্বাক্ষর রাখছে প্রতিষ্ঠানটি। তবে সেই সাফল্যের আড়ালেই রয়েছে দীর্ঘদিনের জনবল সংকট। প্রায় ৪০০ ছাত্রীর পাঠদানের দায়িত্ব সামলাচ্ছেন মাত্র পাঁচজন সরকারি শিক্ষক। প্রতিষ্ঠার পর জাতীয়করণের সময় যে পাঁচটি সহকারী শিক্ষকের পদ সৃষ্টি হয়েছিল, প্রায় ৩৮ বছরেও বাড়েনি সেই পদসংখ্যা। অথচ এরই মধ্যে বেড়েছে শিক্ষার্থী

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৮১ সালে মোহনপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৮৮ সালে প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হলে পাঁচটি সহকারী শিক্ষকের পদ সৃষ্টি করা হয়। সে সময় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান চালু ছিল। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের চাহিদা বিবেচনায় নবম ও দশম শ্রেণিতে পাঠদান শুরু হলেও বাড়ানো হয়নি শিক্ষক পদ। সময়ের সঙ্গে শিক্ষার্থী ও পাঠ্যক্রমের পরিধি বাড়লেও জনবল কাঠামো রয়ে গেছে আগের অবস্থায়।

বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ৪০০ ছাত্রী অধ্যয়ন করছে। সীমিত জনবল নিয়েও ফলাফলে সাফল্য ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। চলতি বছর এসএসসি পরীক্ষায় ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন জিপিএ-৫ অর্জন করে। একই বছর জুনিয়র বৃত্তি পরীক্ষায় ১০ শিক্ষার্থী সরকারি বৃত্তি পায়। এর মধ্যে পাঁচজন ট্যালেন্টপুলে এবং পাঁচজন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে। শিক্ষক সংকটের মধ্যেও এমন সাফল্য বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ ও সম্ভাবনাকে তুলে ধরছে।

তবে ফলাফলের এই সাফল্য ধরে রাখতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কর্মরত শিক্ষকদের। বিদ্যালয়ে ইংরেজি, গণিত, জীববিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, ভূগোল, চারুকলা, শারীরিক শিক্ষা ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে শিক্ষক নেই। ফলে বিষয়ভিত্তিক পাঠদান নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এসব বিষয়ে নিয়মিত পাঠদানের ঘাটতি শিক্ষার্থীদের শেখার ক্ষেত্রে প্রভাব ফেলছে।

বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বাংলা বিষয়ে পাঠদান করছেন। সিনিয়র শিক্ষক আব্দুল লতিফ কৃষিশিক্ষা, মামুন অর রশিদ সামাজিক বিজ্ঞান, রুবেল আহমেদ ভৌতবিজ্ঞান এবং রাশেদ বিন আবেদ ধর্মীয় বিষয়ে পাঠদান করছেন। মাত্র পাঁচজন শিক্ষককে একাধিক শ্রেণির পাঠদান সামলানোর পাশাপাশি বিভিন্ন দাপ্তরিক দায়িত্বও পালন করতে হচ্ছে। ফলে পাঠ পরিকল্পনা, শিক্ষার্থীদের আলাদা করে সময় দেওয়া এবং বিষয়ভিত্তিক শিক্ষার ঘাটতি পূরণে বাড়তি চাপ তৈরি হচ্ছে।

শুধু শিক্ষক সংকটই নয়, বিদ্যালয়ে নেই প্রয়োজনীয় সহায়ক কর্মচারীও। পিয়ন, অফিস সহকারী, নিরাপত্তাপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়ার মতো গুরুত্বপূর্ণ পদে লোকবল না থাকায় বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনায়ও সমস্যায় পড়তে হচ্ছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, ছাত্রীদের মানসম্মত পাঠদান নিশ্চিত করতে শূন্য পদে শিক্ষক নিয়োগের কোনো বিকল্প নেই। শিক্ষক সংকটের কারণে তাঁদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। পাঠদানের পাশাপাশি বিভিন্ন দাপ্তরিক দায়িত্বও পালন করতে হচ্ছে। এমনকি বিদ্যালয়ে আয়া, পিয়ন ও নিরাপত্তাকর্মী পর্যন্ত নেই। এতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়ছে।

শিক্ষার্থীদের কণ্ঠেও উঠে এসেছে বিষয়ভিত্তিক শিক্ষকের প্রয়োজনীয়তার কথা। তাদের মতে, প্রতিটি বিষয়ে দক্ষ শিক্ষক থাকলে পাঠ বুঝতে সুবিধা হবে এবং পড়াশোনার মান আরও উন্নত হবে।

এত সংকটের মধ্যেও সহশিক্ষা কার্যক্রমে পিছিয়ে নেই বিদ্যালয়টি। ছাত্রীদের মানসিক বিকাশ, নেতৃত্বগুণ ও সৃজনশীলতা বাড়াতে রয়েছে সক্রিয় গার্ল গাইড দল। জাতীয় দিবস উদযাপন, বিতর্ক প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে কাজ করছে প্রতিষ্ঠানটি। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের অর্জন প্রমাণ করে, প্রয়োজনীয় পরিবেশ ও পৃষ্ঠপোষকতা পেলে আরও ভালো করার সক্ষমতা রয়েছে তাদের।

বিদ্যালয় সংশ্লিষ্টদের দাবি, বর্তমান শিক্ষার্থী সংখ্যা, শ্রেণি কার্যক্রম ও পাঠ্যক্রমের পরিধি বিবেচনায় প্রতিষ্ঠানের জনবল কাঠামো নতুন করে নির্ধারণ করা জরুরি। এ জন্য একজন প্রধান শিক্ষক ও ২১ জন সহকারী শিক্ষকের নতুন পদ সৃষ্টির পাশাপাশি প্রয়োজনীয় কর্মচারী নিয়োগের দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের মতে, দীর্ঘদিনের জনবল সংকট নিরসন করা গেলে একদিকে যেমন পাঠদানের মান বাড়বে, অন্যদিকে প্রশাসনিক কার্যক্রমেও ফিরবে স্বাভাবিক গতি।

এ বিষয়ে মোহনপুর উপজেলা অতিরিক্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু জাফর বলেন, প্রতিষ্ঠানের শুরুতে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পদ সৃষ্টি না হওয়ায় শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরকারি পদ সৃষ্টি না হলে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ারও সুযোগ নেই। বিষয়টি নিয়ে জেলা পর্যায়ের সভায় আলোচনা করা হয়েছে।

মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার বলেন, মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় একটি সরকারি প্রতিষ্ঠান। এটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত হয়। আপাতত ম্যানেজিং কমিটির মাধ্যমে আউটসোর্সিং প্রক্রিয়ায় কিছু শিক্ষক রাখার চেষ্টা করা হবে। এ বিষয়ে জেলা প্রশাসকের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ জানানো হবে।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard