
রাজশাহীতে সাংবাদিকতায় পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা। তারা বলেছেন, অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার বিস্তারের এই সময়ে দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতায় তথ্যের নির্ভুলতা, বিশ্বাসযোগ্যতা ও পেশাগত নৈতিকতার সঙ্গে আপস করা যাবে না।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টের কনফারেন্স রুমে রিপোর্টার্স অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া অর্গানাইজেশন (রোমো)-এর নতুন সদস্যদের বরণ ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত।
প্রধান অতিথির বক্তব্যে মুহা. আব্দুল আউয়াল বলেন, সাংবাদিকতায় পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার চর্চা বাড়াতে হবে। বর্তমান সময়ে অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা গণমাধ্যমের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশে সংবাদ পরিবেশনের ধরন ও গতি বদলে গেছে। তবে দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতায় বস্তুনিষ্ঠতা, নির্ভুলতা ও পেশাগত নৈতিকতার সঙ্গে কোনো আপস করা যাবে না।
রোমোর আহ্বায়ক মোহাম্মদ হুজাইফার সভাপতিত্বে এবং সদস্য সচিব তুহিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) রাজশাহী জেলা প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক কালবেলার রাজশাহী বিভাগীয় প্রধান মাহবুব হুসাইন, বাংলাদেশ বেতারের রাজশাহী মহানগর প্রতিনিধি আশিকুর রহমান, রোমোর যুগ্ম আহ্বায়ক নাঈম হোসেন এবং সংগঠনটির নতুন সদস্য দৈনিক উত্তরা প্রতিদিনের সাংবাদিক রাকিবুল ইসলাম।
আলোচনা সভা শেষে রোমোর নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।


