
আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার অভ্যুত্থান ও গণসমর্থনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে ঘটে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এ ঘটনার মধ্য দিয়ে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন এবং ধীরে ধীরে রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা এবং ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার ঘটনার পর দেশে রাজনৈতিক ও সামরিক অস্থিরতা তৈরি হয়। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর তৎকালীন উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ ৩ নভেম্বর এক অভ্যুত্থানের মাধ্যমে সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি করেন।
পরবর্তী সময়ে খালেদ মোশাররফ নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেন। ৬ নভেম্বর বঙ্গভবনে গিয়ে তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদকে ক্ষমতাচ্যুত ও গ্রেপ্তার করেন। একই সঙ্গে মন্ত্রিসভা বাতিল এবং জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন। পরে প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়।
এ পরিস্থিতিতে ৬ নভেম্বর রাতেই সেনাবাহিনীর সাধারণ সিপাহিরা সংগঠিত হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। তাদের সঙ্গে রাজপথে নেমে আসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সিপাহী-জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭ নভেম্বর বন্দিদশা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। পাল্টা অভ্যুত্থানের পরিস্থিতিতে ওই দিন সকালে কয়েকজন সহযোগীসহ নিহত হন খালেদ মোশাররফ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিনটি পরবর্তী সময়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পরিচিতি পায়।
দিবসটি উপলক্ষে বিএনপি সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সকাল সাড়ে ৮টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের কেন্দ্রীয় নেতারা।
পরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আয়োজিত শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। শোভাযাত্রাটি কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের কাছ দিয়ে মোড় নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
ঐতিহাসিক ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ স্মরণ এবং দিবসটি ঘিরে রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।



