
কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের রাজশাহী মহানগর শাখার সহ-সভাপতি মাহফুজুল আলম লোটনকে গ্রেফতার করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে বোয়ালিয়া থানাধীন কাদিরগঞ্জের এএইচএম কামারুজ্জামান পারিবারিক কবরস্থান সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও ঘটনা সূত্রে জানা যায়, কাদিরগঞ্জের কামারুজ্জামান পারিবারিক কবরস্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কিছু কর্মী মোটরসাইকেল ও গাড়িতে করে এসে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় তাদেরকে বাঁধা দিতে গেলে স্থানীয় ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির মাথায় পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পারিবারিক কবরস্থানের ঠিক পাশেই রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি লোটনের একটি ব্যক্তিগত চেম্বার রয়েছে বলে জানা যায়। যেখানে তিনি অবস্থান করছিলেন। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ফুল দেওয়া ও অস্ত্র প্রদর্শনকালে লোটন কাছেই অবস্থান করছিলেন এবং এ ঘটনায় তার প্রত্যক্ষ ইন্ধন ছিল বলে দাবি করেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এমনকি ঘটনার সিসিটিভি ফুটেজ মুছে ফেলা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়। পরবর্তীকালে বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেফতার করেন।
ঘটনাস্থলে তল্লাশি ও উত্তেজনার সময় চেম্বারে উপস্থিত বজলুর রহমান নামে এক ব্যক্তি নিজেকে ঠিকাদার এবং বিএনপির সমর্থক পরিচয় দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তিনি দাবি করেন, “এমপি মিলন আমার শালা হয়” এবং তারা কেবল সাধারণ ঠিকাদারি কাজের আলোচনা করছিলেন। তবে উপস্থিত মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমদাদুল হক লিমনসহ অন্যান্য নেতারা ছাত্রলীগের অস্ত্র প্রদর্শন ও আওয়ামী লীগ নেতার মদদ দেওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং পুলিশকে সোপর্দ করেন।
রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক লিমন এ বিষয়ে বলেন, “কাদিরগঞ্জের কামারুজ্জামান পারিবারিক কবরস্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী মোটরসাইকেল ও গাড়ি নিয়ে পুষ্পস্তবক অর্পণ করতে আসে। ওই সময় বাঁধা দিতে গেলে ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি প্রদান করা হয়। খবর পেয়ে প্রথমে যুবদল এবং পরবর্তীতে ছাত্রদলের নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
ঘটনাস্থলে গিয়ে আমরা দেখতে পাই, পারিবারিক কবরস্থানের পাশেই একটি চেম্বারে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন অবস্থান করে আড্ডা দিচ্ছেন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সেখানে ফুল দেওয়া এবং অস্ত্র প্রদর্শনের পেছনে এই লোটনের প্রত্যক্ষ মদদ ও ইন্ধন রয়েছে। শুধু তাই নয়, ঘটনা আড়াল করতে সেখানকার সিসিটিভি ফুটেজগুলোও তারা ডিলিট করে দিয়েছে।
লিমন আরো বলেন, ঘটনার একপর্যায়ে চেম্বারে অবস্থানরত বজলুর রহমান নামে এক ব্যক্তি নিজেকে ঠিকাদার, বিএনপির সমর্থক এবং সাবেক সংসদ সদস্য মিলনের আত্মীয় পরিচয় দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, দেশে প্রচলিত আইন রয়েছে এবং নিষিদ্ধ সংগঠনের এই সন্ত্রাস ও অস্ত্র প্রদর্শনের দায় কোনোভাবেই এড়ানো যাবে না।
পরবর্তীতে বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে উপস্থিত ছাত্র-জনতা আওয়ামী লীগ নেতা লোটনকে গ্রেফতারের দাবি করে এবং তাকে পুলিশের হাতে সোপর্দ করে।”
বোয়ালিয়া থানার ডিউটি কর্মকর্তা আওয়ামী লীগ নেতা লোটনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত রাতে লোটনকে থানায় আনা হয়েছে এবং সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ওই সময় ঘটনাস্থলে রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিন রায়হান রবীন, সদস্য সচিব মো. ইমদাদুল হক লিমন, মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি, যুগ্ম-আহ্বায়ক মো. মুজিবুল হক মিলন এবং বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি মো. সামসুল আলম মিলুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


