মূল সংবাদে যান
সর্বশেষ
সারাদেশ

নওগাঁর মান্দায় পাকা রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

নওগাঁর মান্দায় পাকা রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

নওগাঁর মান্দায় সরকারি উন্নয়ন কাজের মান নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। উপজেলার মান্দা ইউনিয়নের কোচড়া বাদলঘাটা হিন্দুপাড়া পাকা রাস্তা হতে দক্ষিণ কোচড়া বাদলঘাটা পর্যন্ত প্রায় ১ কোটি ৬৮ লক্ষ টাকা ব্যয়ে ১৭৩০ মিটার পাকা রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ও বালি ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠান ‘বরেন্দ্র কনস্ট্রাকশন’-এর বিরুদ্ধে।

​স্থানীয়দের দাবি,সিডিউল অনুযায়ী রাস্তার কাজে মানসম্মত ইটের খোয়া,উন্নতমানের বালি ব্যবহারের নিয়ম থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান তা উপেক্ষা করে তড়িঘড়ি করে কাজ শেষ করার চেষ্টা করছে। ১ নম্বর ইটের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের থার্ড গ্রেডের ইট। রাস্তার সাব-বেস এবং বেস টাইপের কাজেও সঠিক অনুপাতে বালি ও খোয়া মেশানো হয়নি বলে অভিযোগ করেছেন পথচারী ও এলাকাবাসী।

​কোচড়া বাদলঘাটা গ্রামের শামসুল আলম মোল্লা আক্ষেপ করে বলেন,ঠিকাদার তো রাস্তা করেই চলে যাবে। কিন্তু আমরাই এ রাস্তায় চলাচল করব। আমরা এখানে থাকবো। যেভাবে নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করা হচ্ছে। এ রাস্তার ছয় মাসের মধ্যেই নষ্ট হয়ে যাবে। এতে সরকারের শুধু টাকায় নষ্ট হবে।এর চেয়ে এই রাস্তা পাকা না করাই ভালো।

একই গ্রামের মহিদুল ইসলাম বলেন,এই রাস্তাটি অনেকদিন ধরে অবহেলিত ছিল।সরকার প্রায় দুই কোটি টাকা বাজেট দিয়েছে এই রাস্তার জন্য। কিন্তু ঠিকাদার এতো নিম্ন মানে কাজ করছে এর চেয়ে আগের কাঁচা রাস্তায় ভালো ছিল। যেভাবে কাজ হচ্ছে পাকা হলে ভবিষ্যতে আরো খারাপ হবে এই রাস্তা।

একই গ্রামের কান্তি কুমার সরকার বলেন, সরকারি কাজ সর্বোচ্চ ভালো মানের উপকরণ দিয়ে কাজ করার কথা। কিন্তু আমাদের এখানে রাস্তা নির্মাণের সময় নিম্নমানের এক নম্বর বাদে দুই এবং তিন নাম্বার ইট দিয়ে কাজ শুরু করেছে ঠিকাদার। এই কাজে দুই গ্রামের সব এর মানুষেরই আপত্তি।

এ বিষয়ে মুঠোফোনে বরেন্দ্র কনস্ট্রাকশনের দায়িত্বপ্রাপ্ত মোছাঃ পারুলের কাছে জানতে চাইলে তিনি জানান, এই কাজে এ পর্যন্ত তিনি ২৪ লক্ষ টাকা লোকসানে আছেন। তাই সবার কাছ থেকে অনুমতি নিয়েই এই উপকরণ দিয়ে কাজ করছেন।

উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের এর কাছে এ বিষয়ে জানতে চাইলে, তিনি বিভাগীয় প্রধান প্রকৌশলীর লিখিত অনুমতি ছাড়া কোন মন্তব্য করতে রাজি হননি।

​এলাকাবাসীর জোর দাবি, অনতিবিলম্বে সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেন নিরপেক্ষভাবে সরেজমিনে গিয়ে এই নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং অনিয়ম বন্ধ করে সিডিউল অনুযায়ী মানসম্মত উপকরণ দিয়ে টেকসই রাস্তা নির্মাণ নিশ্চিত করেন

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard