মূল সংবাদে যান
সর্বশেষ

জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় দ্বিতীয় রুয়েটের অ্যারো ভেনম

জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় দ্বিতীয় রুয়েটের অ্যারো ভেনম

দেশে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬-এ রানার্সআপ হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের দল ‘অ্যারো ভেনম’। নিজেদের তৈরি অ্যারিয়াল প্রজেক্ট ও ড্রোন প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এ সাফল্য অর্জন করে দলটি। গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর লালমনিরহাট ক্যাম্পাসে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতিযোগিতায় নিজেদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার স্বাক্ষর রাখে রুয়েটের দলটি। দ্বিতীয় স্থান অর্জনের স্বীকৃতি হিসেবে ‘অ্যারো ভেনম’কে ৬০ হাজার টাকার ডেমো চেক দেওয়া হয়। এ সময় দলের উপদেষ্টা ও রুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মাসুদ রানা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় দলটির হয়ে অংশ নেন ২০২০–২১ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তাকি তামিম ও ইমন চৌধুরী এবং যন্ত্রকৌশল বিভাগের মোহাম্মদ খুবায়েব ও মজনুরুল আলম। এ ছাড়া ২০২২–২৩ শিক্ষাবর্ষের যন্ত্রকৌশল বিভাগের আব্দুল্লাহ আল মারযুক, নাইমুর আলম আশিক ও রাফি উদ্দীন সোহাগ, ইইই বিভাগের নাবিল আজাদ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ইশতিয়াক আহমেদ ইমন অংশ নেন। ২০২৩–২৪ শিক্ষাবর্ষের যন্ত্রকৌশল বিভাগের মাহমুদুল হাসান মেহরাজ ও তাহমিদ হাসান ফুয়াদও দলের প্রতিনিধিত্ব করেন। বর্তমানে রুয়েটের বিভিন্ন বিভাগের প্রায় ১৫ জন শিক্ষার্থী দলটির সঙ্গে কাজ করছেন।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা তরুণদের মেধা, সাহস ও সম্ভাবনা বিকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তরুণদের উদ্ভাবনী চিন্তাকে কেবল প্রদর্শনী বা প্রতিযোগিতায় সীমাবদ্ধ না রেখে কৃষি, যোগাযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা, নিরাপত্তা ও জনকল্যাণে বাস্তবসম্মত সমাধান তৈরিতে কাজে লাগাতে হবে। একই সঙ্গে তরুণদের শুধু চাকরিপ্রার্থী নয়, বরং উদ্ভাবক, গবেষক ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান অ্যাভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য বাস্তবায়নে দক্ষ জনশক্তি, গবেষণা ও নিজস্ব প্রযুক্তির উন্নয়ন অপরিহার্য। এ ক্ষেত্রে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন ও রোবটিক্স প্রযুক্তিতে আগ্রহী তরুণ ও উদ্ভাবকদের জন্য একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করাই এ আয়োজনের লক্ষ্য। এর মাধ্যমে শিক্ষার্থী ও গবেষকেরা নিজেদের উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরার পাশাপাশি পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও যৌথভাবে কাজ করার সুযোগ পাবেন।

অনুষ্ঠানের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও বিশেষায়িত গবেষণাগার পরিদর্শন করেন। এ সময় অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবটিক্স ও মহাকাশ প্রযুক্তির বিভিন্ন গবেষণা কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করা হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বিশ্ববিদ্যালয়ের গবেষণার অগ্রগতি, গবেষণাগারের সুযোগ-সুবিধা এবং সংশ্লিষ্ট প্রযুক্তির বিকাশে প্রতিষ্ঠানটির ভূমিকা তুলে ধরেন।

আয়োজকদের তথ্যমতে, দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের ৭৪টি দলের ২৯৬ জন প্রতিযোগী চারটি বিভাগে অংশ নিচ্ছেন। বিভাগগুলো হলো রোটরক্রাফট, ফিক্সড উইং, সকার বট ও স্পেস রোবোটিক্স। রোটরক্রাফট বিভাগে ১৬টি দলের ৬৯ জন, ফিক্সড উইংয়ে ১৭টি দলের ৮০ জন, সকার বটে ৩৭টি দলের ১১৭ জন এবং স্পেস রোবোটিক্স বিভাগে চারটি দলের ৩০ জন প্রতিযোগী রয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা, বিমানবাহিনী প্রধান, লালমনিরহাট-১ ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আজ ২০ নভেম্বর দ্বিতীয় দিনের প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হওয়ার কথা রয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতা দেশের সম্ভাবনাময় তরুণ উদ্ভাবকদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরির পাশাপাশি অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন ও রোবোটিক্স প্রযুক্তিতে গবেষণা ও উদ্ভাবনের নতুন ক্ষেত্র উন্মোচন করবে। একই সঙ্গে দেশীয় প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত স্বনির্ভরতা এবং নতুন শিল্প ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও উদ্যোগটি অবদান রাখবে।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard