
নিরাপত্তাঝুঁকির কারণে গোপালগঞ্জের সঙ্গে বন্ধ থাকা ট্রেন চলাচল আপাতত চালু হচ্ছে না। একইভাবে পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও শিগগিরই শুরু হওয়ার সম্ভাবনা নেই। পাশাপাশি জেলার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি বরাদ্দের অর্থ ছাড় স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও নাশকতার ঘটনার পর থেকে গোপালগঞ্জের সঙ্গে অন্যান্য জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেলপথ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে না।
এর আগে গোপালগঞ্জে প্রতিদিন পাঁচটি ট্রেন চলাচল করত। এগুলো হলো—গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ঢাকা-গোপালগঞ্জ রুটের অভিযাত্রী কমিউটার, ঢাকা-কাশিয়ানী-বেনাপোল রুটের রূপসী বাংলা, ঢাকা-কাশিয়ানী-খুলনা রুটের জাহানাবাদ এক্সপ্রেস এবং ভাঙ্গা-ভাটিয়াপাড়া রুটের ভাটিয়াপাড়া এক্সপ্রেস। ১৫ নভেম্বর থেকে সব ট্রেনের চলাচল বন্ধ রয়েছে।
এদিকে পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও এখন পর্যন্ত বন্ধ রয়েছে। বর্তমানে থানা দুটির কার্যক্রম গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালনা করা হচ্ছে। তবে এখনো সংস্কারকাজ শুরু হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী জানিয়েছেন, ট্রেন চলাচল চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। অন্যদিকে পুড়িয়ে দেওয়া দুই থানার পুলিশ সদস্যরা জেলার মধ্যেই দায়িত্ব পালন করছেন। তবে থানা দুটির কার্যক্রম কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানাননি তিনি।
অন্যদিকে গোপালগঞ্জে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের বরাদ্দের তৃতীয় কিস্তির অর্থ আপাতত ছাড় না করার সিদ্ধান্ত হয়েছে। জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জন্য জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত নির্ধারিত এই অর্থ স্থগিত থাকবে।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক ভাঙচুর ও সহিংসতার ঘটনা ঘটে। এ সময় পুলিশের সাঁজোয়া যান পুড়িয়ে দেওয়া, পুলিশ বক্স ভাঙচুর, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুর এবং স্থানীয় বিএনপির তিন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
এরপর ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। এতে থানা দুটির স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে স্থানীয় বাসিন্দাদের সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা করার ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সর্বশেষ ২৩ নভেম্বর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের পুরোনো লঞ্চঘাট এলাকার গোলচত্বরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির জানিয়েছেন, পুড়ে যাওয়া থানা দুটির সংস্কারকাজ এখনো শুরু হয়নি। এ কাজে সময় লাগবে। একই সঙ্গে ট্রেন চলাচলও কবে চালু হবে, তা নিশ্চিত নয়।
তিনি আরও জানান, আগামী মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি কর্মসূচি থাকায় হামলা ও ভাঙচুরের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকা এসব সেবা চালুর সম্ভাবনা কম।




