
গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার পর থেকেই শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন স্থানে জড়ো হতে থাকেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে একাধিক পয়েন্টে একত্র হয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন তাঁরা। এ সময় পুলিশ বাধা দিলে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।
এদিকে শ্রমিক আন্দোলনের প্রভাবে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। দুই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কিছু যানবাহন বিকল্প শাখা সড়ক ব্যবহার করতে গিয়ে সেখানেও যানজট তৈরি করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে সমস্যা দেখা দিয়েছে। যানবাহন ধীরগতিতে চলাচল করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক আন্দোলনের কারণে বুধবার এলাকায় ২০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ইতোমধ্যে ৩১টি কারখানা বন্ধ রয়েছে।
বেলা সোয়া ১১টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।




