মূল সংবাদে যান
সর্বশেষ
সারাদেশ

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন রাষ্ট্রীয় বিমানের ব্যবস্থা: রয়টার্স

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন রাষ্ট্রীয় বিমানের ব্যবস্থা: রয়টার্স

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য দিল্লি থেকে ঢাকায় আসতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের ব্যবস্থা করতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। তবে বাংলাদেশ সরকার বলছে, প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া তার দেশে ফেরার কোনো সুযোগ নেই।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনার একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা এই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি একটি বিমানে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমান ভ্রমণের ব্যবস্থা চেয়েছেন তিনি। তার দাবি, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানোর পর বিজয় দিবসে দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

এদিকে শেখ হাসিনার পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র বাতিল হওয়ার পর সেগুলো পুনরায় পাওয়ার জন্যও আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তার মুখপাত্র। চলতি মাসের শুরুতে এসব নথির জন্য আবেদন করা হয়।

তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রয়টার্সকে বলেন, শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী। তাকে কেবল ভারত থেকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা সম্ভব। তার ভাষায়, দেশে ফিরতে হলে তাকে হাতকড়া পরা অবস্থায় এবং কঠোর নিরাপত্তার মধ্যে ফিরতে হবে। বিমান পাঠানোর অনুরোধকে অবাস্তব ও বিভ্রান্তিকর বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের অভিযোগে গত বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, একজন দণ্ডিত পলাতক ব্যক্তির দেশে ফেরার জন্য সরকারের কাছে বিমানের ব্যবস্থা চাওয়া অযৌক্তিক ও নজিরবিহীন। তিনি এ ধরনের প্রত্যাশাকে হাস্যকর বলেও উল্লেখ করেন।

অন্যদিকে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের আগের অনুরোধ পর্যালোচনার কথা গত এপ্রিলে জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে রয়টার্সের পক্ষ থেকে নতুন করে মন্তব্য চাওয়া হলেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে রোববার বাংলাদেশের এক মন্ত্রী রয়টার্সকে জানান, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে দেশে ফেরাতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।

রয়টার্সের প্রতিবেদনে জাতিসংঘের তথ্য উল্লেখ করে বলা হয়েছে, ২০২৪ সালের সেই অস্থিরতার সময় বাংলাদেশে প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard