
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে শ্রমিক আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনের ২৪তম দিনে মঙ্গলবার দুপুরের পর নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে জেলার বিভিন্ন শিল্পাঞ্চল। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাধিক স্থানে সড়ক অবরোধ, ভাঙচুর ও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে জেলার ৭০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে গাজীপুরের গাজীপুরা ২৭, ভোগড়া, মালেকেরবাড়ী ও সালনা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এতে ওই সড়কে যান চলাচল বিঘ্নিত হয়।
এর আগে সকাল ৯টার দিকে শ্রীপুর উপজেলার বাঘের বাজার ও পোড়াবাড়ি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়ে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ায় ওই এলাকার ১০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ভোগড়া এলাকায় আবারও সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
এর কিছুক্ষণ পর গাজীপুরা ২৭ এলাকায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বিক্ষোভরত শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পাশাপাশি উড়ালসড়কের নিচে থাকা একটি পুলিশ বক্স ভাঙচুর করে এর আসবাবপত্রে আগুন ধরিয়ে দেন। জবাবে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
বিকেল ৪টা পর্যন্ত শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি আনসার ব্যাটালিয়ন, বিজিবি ও এসআরবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এক স্থান থেকে তাদের সরিয়ে দেওয়ার পর অন্য স্থানে আবারও বিক্ষোভের চেষ্টা করছেন তারা। শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে গাজীপুরের বিভিন্ন এলাকার ৭০টি কারখানা বন্ধ রাখা হয়েছে।




