
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনকে দায়ী করেছেন তিনি। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন সাদিক কায়েম। তাঁর দাবি, শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পেট্রলবোমা ও কেরোসিন ব্যবহার করে তাঁর বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়। ঘটনার সময় বাড়িতে তাঁর মা-বাবা অবস্থান করছিলেন।
সাদিক কায়েমের ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা বাড়ির চারপাশে পেট্রলবোমা নিক্ষেপ করে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। তবে এলাকাবাসীর তৎপরতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়। এতে তাঁর মা-বাবা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত তিনটার পর বাড়িটিতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা হয়েছিল। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ জমা পড়েনি।
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, রাতে সাদিক কায়েমের পরিবারের সদস্যদের চিৎকার শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। বাড়ির সিঁড়ির পাশের উঠানে আগুন জ্বলতে দেখে দ্রুত তা নেভানোর উদ্যোগ নেন। এ সময় সেখানে কেরোসিন পড়ে থাকতে দেখা যায়।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম এ ঘটনাকে রাজনৈতিক সন্ত্রাস ও ভীতি প্রদর্শনের চেষ্টা হিসেবে উল্লেখ করেন। তাঁর অভিযোগ, জুলাইপন্থী ছাত্র-জনতার ওপর হামলা ও হুমকি দিয়ে তাঁদের দমিয়ে রাখা যাবে না। এ ধরনের চোরাগোপ্তা হামলা তাঁদের রাজনৈতিক অবস্থান ও আন্দোলনকে আরও দৃঢ় করবে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার দেওয়া এক বিবৃতিতে তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান।



