মূল সংবাদে যান
সর্বশেষ
রাজশাহী

রাজশাহীর মানুষ দেশ ও জাতির স্বার্থে জীবন উৎসর্গ করতে পারে: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীর মানুষ দেশ ও জাতির স্বার্থে জীবন উৎসর্গ করতে পারে: ভূমিমন্ত্রী মিনু
রাজশাহীর মানুষ দেশ ও জাতির স্বার্থে জীবন উৎসর্গ করতে পারে: ভূমিমন্ত্রী মিনু

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী তথা এ বিভাগের মানুষ শান্তিপ্রিয় ও অতিথিপরায়ণ। তবে প্রয়োজনের সময় তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জানে। দেশ ও জাতির স্বার্থে নিজেদের জীবন উৎসর্গ করতেও পিছপা হয় না তারা।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার মাধ্যমে দেশের যুবসমাজকে এগিয়ে নিতে কাজ করছেন। তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় দক্ষ করে গড়ে তোলা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করাই সরকারের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আগামী দিনে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশ কারও গোলামি করতে চায় না; বরং পারস্পরিক বন্ধুত্ব ও সহমর্মিতার সম্পর্কের মধ্য দিয়ে এগিয়ে যেতে চায়।

রাজশাহীর ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, রাজশাহী শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র। এ অঞ্চল থেকে অনেক কৃতী খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেছেন। রাজশাহীতে দেখার মতো অনেক দর্শনীয় স্থান রয়েছে। প্রতিযোগিতায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা এ শহর উপভোগ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় সবাইকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান ভূমিমন্ত্রী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিকুল করিম।

আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। একই সঙ্গে আন্তঃকলেজ পর্যায়ে ক্রীড়াচর্চা আরও বিস্তৃত ও উৎসাহিত হবে।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard