
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে মো. টমাস (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আরও তিন থেকে চারজন আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা এলাকার একটি মাঠে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত টমাস শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মর্তুজা আলীর ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাসের মৃত্যু হয়। এ ঘটনায় আহত অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, টমাস আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। তবে দলীয় কোনো পদে ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ সুপার আরও জানান, টমাসের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে।




