মূল সংবাদে যান
সর্বশেষ
ধর্ম

রুয়েটে অনুষ্ঠিত হচ্ছে দ্বীনি কনফারেন্স, প্রধান বক্তা শায়খ আহমাদুল্লাহ

রুয়েটে অনুষ্ঠিত হচ্ছে দ্বীনি কনফারেন্স, প্রধান বক্তা শায়খ আহমাদুল্লাহ
রুয়েটে অনুষ্ঠিত হচ্ছে দ্বীনি কনফারেন্স,প্রধান বক্তা শায়খ আহমাদুল্লাহ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লিগ্যাসি অব দ্বীন কনফারেন্স ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিদায়ী ব্যাচ ‘ফাতিহ’২১’-এর উদ্যোগে রুয়েটের কেন্দ্রীয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

বিদায়ী শিক্ষার্থীদের ক্যাম্পাসজীবনের স্মৃতিকে অর্থবহ করে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দ্বীনি চেতনা ও নৈতিক মূল্যবোধের প্রসার ঘটানো এ আয়োজনের মূল উদ্দেশ্য। প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষার সঙ্গে ইসলামি জ্ঞান, আত্মশুদ্ধি, তাকওয়া ও চারিত্রিক উৎকর্ষের সমন্বয় ঘটিয়ে তরুণদের জীবনবোধ গড়ে তুলতে চান আয়োজকরা।

আয়োজক ব্যাচ ‘ফাতিহ’২১’-এর নামকরণ করা হয়েছে ইতিহাসের আলোচিত মুসলিম শাসক সুলতান মুহাম্মদ আল-ফাতিহ (রহ.)-এর আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে। মাত্র ২১ বছর বয়সে তাঁর অসাধারণ নেতৃত্ব, দৃঢ় ঈমান ও দূরদর্শিতা ব্যাচটির নাম নির্বাচনে প্রভাব রেখেছে। আয়োজকদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়জীবনের সমাপ্তিতে শুধু স্মৃতি নয়, পরবর্তী ব্যাচগুলোর জন্য একটি ইতিবাচক দ্বীনি পরিবেশের ভিত্তি রেখে যাওয়ার চিন্তা থেকেই সম্মেলনের পরিকল্পনা করা হয়েছে।

আয়োজক কমিটির প্রতিনিধি ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী দেওয়ান মো. নাফিস ইকবাল বলেন, প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষায় দক্ষতা অর্জনের পাশাপাশি সৃষ্টিকর্তার সঙ্গে মানুষের সম্পর্ক আরও দৃঢ় করা এবং ক্যাম্পাসে সুস্থ ও স্থায়ী দ্বীনি সংস্কৃতি প্রতিষ্ঠা করাই তাঁদের লক্ষ্য। তাঁদের আগের ব্যাচ আবাবিল’১৯ ও সালসাবিল’২০-এর শুরু করা কল্যাণমূলক উদ্যোগকে এগিয়ে নেওয়ার অংশ হিসেবেই এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

আয়োজকদের মতে, আধুনিক প্রযুক্তিনির্ভর জীবনে পেশাগত সাফল্য ও প্রতিযোগিতার পাশাপাশি আত্মিক প্রশান্তি এবং নৈতিকতার চর্চাও সমান গুরুত্বপূর্ণ। তরুণদের মধ্যে জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতনতা তৈরি, ঈমানি দৃঢ়তা বৃদ্ধি এবং বস্তুবাদী চিন্তার বাইরে দায়িত্বশীল জীবনবোধ গড়ে তুলতে এ ধরনের আয়োজন ভূমিকা রাখতে পারে। সম্মেলনে ইসলামি মূল্যবোধের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক জীবনে নৈতিকতার প্রয়োজনীয়তা তুলে ধরা হবে।

প্রধান বক্তা শায়খ আহমাদুল্লাহ ইসলামি আলোচনা, ধর্মীয় শিক্ষা ও বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে দেশের মানুষের কাছে পরিচিত। আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে তিনি দীর্ঘদিন ধরে ইসলামি জ্ঞানচর্চা ও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর অংশগ্রহণকে কেন্দ্র করে রুয়েট শিক্ষার্থীদের মধ্যে সম্মেলনটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

সম্মেলনে নারী অংশগ্রহণকারীদের জন্য পৃথক বসার স্থান নির্ধারণ করা হয়েছে। গত ২০ নভেম্বর সকাল ৮টা থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। ২১ সিরিজের শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি ৫৯ টাকা এবং অন্য সিরিজের শিক্ষার্থীদের জন্য ২১ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ সিরিজের নিবন্ধিত শিক্ষার্থীরা বিশেষ প্যাকেজে ১২টি দোয়ার স্টিকার, একটি কিবলা স্টিকার, দুটি বুকমার্ক ও একটি স্মারক চাবির রিং পাবেন।

নিবন্ধিত অংশগ্রহণকারীরা নির্ধারিত পিকআপ পয়েন্ট থেকে সম্মেলনের টোকেন সংগ্রহ করতে পারবেন। পিকআপ পয়েন্টের স্থান ও এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে। সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনা ও অংশগ্রহণকারীদের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করতে দ্রুত নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।

আয়োজকদের আশা, এ সম্মেলনের মধ্য দিয়ে রুয়েট ক্যাম্পাসে ইসলামি জ্ঞানচর্চা ও নৈতিক মূল্যবোধের প্রসার ঘটবে। পাশাপাশি বিদায়ী ব্যাচের এ উদ্যোগ ভবিষ্যৎ শিক্ষার্থীদের মধ্যেও দ্বীনি সচেতনতা ও কল্যাণমুখী কর্মকাণ্ডে অনুপ্রেরণা জোগাবে।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard