মূল সংবাদে যান
সর্বশেষ
রাজশাহী

দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে ৫০লাখ নেন সার্জেন্ট সাবিহা

দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে ৫০লাখ নেন সার্জেন্ট সাবিহা

বিয়ের সময় দেনমোহর নির্ধারণ করা হয়েছিল ২ লাখ টাকা। এর মধ্যে নগদ ও স্বর্ণালংকার বাবদ পরিশোধ করা হয়েছিল ১০ হাজার টাকা। বাকি ছিল ১ লাখ ৯০ হাজার টাকা। তবে বিবাহবিচ্ছেদের সময় সাবেক স্বামী পুলিশ পরিদর্শক মাহবুব আলমের কাছ থেকে ৫০ লাখ টাকা নিয়েছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আলোচিত নারী সার্জেন্ট সাবিহা আক্তার। এমনটাই দাবি করেছেন সাবিহার ঘনিষ্ঠ বন্ধু ও নিউরন নার্সিং কোচিং সেন্টারের মালিক সাইফুল ইসলাম।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরের চন্ডিপুরে নিজের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাইফুল। এ সময় তিনি সাবিহা আক্তার ও মাহবুব আলমের বিবাহবিচ্ছেদের কাগজপত্রও সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।

সাইফুলের ভাষ্য অনুযায়ী, ২০২২ সালের ৩০ আগস্ট সাবিহা ও মাহবুব আলমের বিবাহবিচ্ছেদ হয়। ওই দিনই মাহবুব আলমের কাছ থেকে ৫০ লাখ টাকা গ্রহণ করেন সাবিহা। তবে টাকা সরাসরি গ্রহণ করেছিলেন তিনি নিজেই। পরে নিজের নিউরন নার্সিং কোচিং সেন্টারের ব্যাংক হিসাবে সেই অর্থ জমা করেন এবং একই দিন সাবিহা আক্তারের ব্যাংক হিসাবে স্থানান্তর করেন।

সাইফুল জানান, মাহবুব আলম এ টাকা দিতে এফডিআর ভাঙার পাশাপাশি ধারদেনাও করেছিলেন। বিবাহবিচ্ছেদের সময় অর্থ লেনদেনের মাধ্যম হিসেবে নিজের ব্যাংক হিসাব ব্যবহার করলেও এত বড় অঙ্কের টাকা নিজের হিসাবে নেওয়া ঠিক হয়নি বলে সংবাদ সম্মেলনে স্বীকার করেন তিনি।

এদিকে সাবিহা ও মাহবুব আলমের ২০২০ সালের ১০ জানুয়ারি রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমতগণকৈড় ইউনিয়ন কাজী অফিসে বিয়ে হয়। কাজী মো. জিল্লুর রহমান তাদের বিয়ে পড়ান। নিকাহনামা অনুযায়ী, তাদের দেনমোহর নির্ধারণ করা হয়েছিল ২ লাখ টাকা। এর মধ্যে একটি স্বর্ণের নাকফুল ও একটি ব্রেসলেটের মূল্য বাবদ ১০ হাজার টাকা পরিশোধ দেখানো হয়েছে। বাকি ১ লাখ ৯০ হাজার টাকা অপরিশোধিত ছিল।

তবে দেনমোহরের পরিমাণ ২ লাখ টাকা হলেও বিবাহবিচ্ছেদের সময় ৫০ লাখ টাকা লেনদেনের কারণ কী—এমন প্রশ্নের কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি সাইফুল।

এ বিষয়ে জানতে সার্জেন্ট সাবিহা আক্তারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

অন্যদিকে, রাজশাহীর বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব পালন করা পুলিশ পরিদর্শক মাহবুব আলম বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন। বিবাহবিচ্ছেদের সময় সাবিহাকে ৫০ লাখ টাকা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রাক্তন স্ত্রীকে নিয়ে এখন কিছু বলতে চান না। সময় হলে সবকিছু জানাবেন।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard