
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রাজশাহী মহানগর ও জেলা ছাত্রদলের দুই নেতার সাংগঠনিক পদ দুই মাসের জন্য স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

পদ স্থগিত হওয়া দুই নেতা হলেন—রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মানাত এবং রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেন অন্তর।
রোববার (২৫ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাসীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের সাংগঠনিক পদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



