মূল সংবাদে যান
সর্বশেষ
অপরাধ-আইন শৃঙ্খলা

মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর মিছিল নিয়ে থানায় গিয়ে প্রথমে ঘেরাও এবং পরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় থানা চত্বরে থাকা একাধিক যানবাহনেও আগুন দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে—এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মিছিল নিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন। পরে থানায় হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন।

এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে থানা চত্বরে অন্তত তিনটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় ভাঙচুরের শব্দের পাশাপাশি হামলাকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতেও শোনা যায়। তাঁদের অনেকের হাতে লাঠিসোঁটা ছিল। কেউ কেউ মুঠোফোনে পুরো ঘটনার ভিডিও ধারণ করেন।

এ ছাড়া এইচ এম রুবেল ফরাজী নামের এক ব্যক্তিকে ফেসবুক লাইভে বলতে শোনা যায়, ‘আমরা কিছু সময়ের মধ্যে থানা জ্বালিয়ে দেব।’ লাইভে তিনি দাবি করেন, পুলিশ তাঁদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। আগুন জ্বালিয়ে তাঁরা গ্যাসের প্রভাব কমানোর চেষ্টা করছেন এবং পিছু হটবেন না।

মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ আবু সুফিয়ান জানান, দুর্বৃত্তরা টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেছে বলে তাঁরা খবর পেয়েছেন। পরবর্তী পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।

পরে রাত ৯টা ১০ মিনিটের দিকে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র কামারুম মুনিরা জানান, টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। থানা চত্বরে থাকা যানবাহনেও আগুন দেওয়ার খবর পেয়েছেন তাঁরা।

টুঙ্গিপাড়া উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকেন্দার শেখ বলেন, টুঙ্গিপাড়া থানা, চৌরঙ্গীর মোড় ও বাঁশবাড়িয়া এলাকায় কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়েছেন তাঁরা। তবে নিরাপত্তার অভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যেতে পারছেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন ও নিরাপত্তা নিশ্চিত করা হলে তাঁরা আগুন নেভানোর কাজে যেতে পারবেন।

আগেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এর আগে গত ১৫ নভেম্বর গোপালগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও মহড়া করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ওই সময় তাঁদের অনেকের হাতে লাঠিসোঁটা, লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশি অস্ত্র দেখা যায়।

সেদিন পুলিশের একটি সাঁজোয়া যান ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। পাশাপাশি জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন বিক্ষোভকারীরা।

একই দিন সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাড়ি, দোকানপাট ও উপজেলা যুবদলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই রাতে টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়েও ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

এরপর গত সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে মিছিল নিয়ে টুঙ্গিপাড়ায় দলীয় কার্যালয়ে যান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় কার্যালয়ের তালা ভেঙে সেখানে সভা করেন তাঁরা।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard