গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়ি, দলীয় কার্যালয় এবং ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর ২টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে পাকুরতিয়া মাদ্রাসার পাশে বিএনপি সমর্থকদের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এরপর বিকেল সাড়ে ৩টার দিকে একটি মিছিল থেকে পাটগাতী বাজারে যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বিকেল ৪টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জসিম শেখের শ্রীরামকান্দির বাড়িতে আগুন দেওয়া হয়।
একই দিন বিকেল ৫টার দিকে গওহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়ে বিএনপি সমর্থক মাহমুদ বিশ্বাসের দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় টুঙ্গিপাড়া বাজারে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর খানের ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর চালানো হয়।
হামলার ধারাবাহিকতায় রাত ৮টার দিকে পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার পাটগাতী বাজারের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সময়ে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোপাল সরকারের বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
এ ছাড়া রাত সাড়ে ৮টার দিকে পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সির পাটগাতী মধ্যপাড়া গ্রামের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। এ হামলার জন্য নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।
সবশেষ রাত ৯টার দিকে পাটগাতী এলাকায় গ্রামীণ ব্যাংকের টুঙ্গিপাড়া শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এক দিনের ব্যবধানে উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি নেতাদের বাড়িঘর, দলীয় কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।



