
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ককটেলের স্প্লিন্টারে আহতসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনাও ঘটে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার গোলচত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের লোকজন গোলচত্বর এলাকায় জড়ো হন। একপর্যায়ে দুই গ্রামের দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এর জেরে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর চালানো হয়। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে কয়েকজন ককটেলের স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছেন। তারা হলেন—হাফিজ মোল্লার ছেলে জাহিদুর রহমান প্রান্ত, চাঁন মিয়া মোল্লার ছেলে রাকিবুল মোল্লা, সাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা এবং কোভিদ মোল্লার ছেলে জাহিদ মোল্লা। তাদের সবার বাড়ি চরমানিকদাহ গ্রামে।
খবর পেয়ে পুলিশ ও বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষে জড়িতরা সেখান থেকে সরে যান।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। বিস্তারিত জেনে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




