
নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সিরাজুল ইসলাম (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) রাত ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার ১০ নম্বর নুরুল্যাবাদ ইউনিয়নের জোতবাজার চৌরাস্তা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে জোতবাজার চৌরাস্তা মোড়ে আশা সিমেন্ট, মদিনা মেশিনারিজ ও স্যানিটারি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে সিরাজুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সিরাজুল ইসলাম উপজেলার জোতবাজার (নুরুল্যাবাদ দক্ষিণ) এলাকার বাসিন্দা। তার বাবার নাম হাকিম মন্ডল এবং মায়ের নাম মুক্তা বেগম।
মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আফজাল হোসেন আরও জানায়,গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারের ঘটনায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বের আরও চারটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।




