
দেশের বাজারে ধারাবাহিকভাবে কমছে স্বর্ণের দাম। সর্বশেষ ১৫ দফা মূল্য সমন্বয়ের মধ্যে ১১ বারই দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর মধ্যে টানা ৯ দফায় প্রতি ভরিতে স্বর্ণের দাম কমেছে মোট ৩৪ হাজার ৭০০ টাকা।
সর্বশেষ শনিবার (২১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাজুস। রোববার (২২ নভেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।
এর আগে গত ২০ নভেম্বর সকালে ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।
স্বর্ণালঙ্কার কেনাবেচার ক্ষেত্রে বাজুস জানিয়েছে, নির্ধারিত দামের সঙ্গে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার বিনিময়ের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দেওয়ার নিয়ম কার্যকর থাকবে।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৭৬ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ দফা দাম সমন্বয়ের মধ্যে ৬৪ বার বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
এদিকে স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৩ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত ৮০ দফায় রুপার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ৪৪ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে ১৩ দফা সমন্বয়ের মধ্যে ১০ বার রুপার দাম বেড়েছিল, কমেছিল মাত্র তিনবার।




